ছবি সত্য, মানুষটি মিথ্যা: ডিজিটাল প্রতারণার নতুন ফাঁদ
ফোনের ওপারে একজন ‘কর্মকর্তা’। কণ্ঠে দৃঢ়তা। কথায় তাড়া। হোয়াটসঅ্যাপের প্রোফাইলে সেনাবাহিনীর পোশাক পরা একজন কর্মকর্তার ছবি। নামের পাশে পদবি। সব মিলিয়ে এমন এক আবহ, যেখানে সন্দেহ করার চেয়ে বিশ্বাস করাই যেন স্বাভাবিক। বলা হলো, আপনার মোবাইল নম্বর একটি সরকারি সফটওয়্যারে আটকে আছে। নির্বাচনের সময়ের একটি দায়িত্বের সঙ্গে সেটি যুক্ত। সমস্যা সমাধানের জন্য মোবাইলে একটি কোড যাবে। কোডটি জানিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যে মানুষটি ফোন করেছেন, তিনি সেই কর্মকর্তা নন। ছবিটি সত্য, পরিচয়টি মিথ্যা।
এই একটি বাক্যই আমাদের ডিজিটাল সময়ের সবচেয়ে বড় বিপদের একটি চিত্র এঁকে দেয়—ছবি সত্য হতে পারে, কিন্তু মানুষটি মিথ্যা। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন প্রতারণার বেশ কিছু ভয়ংকর তথ্য সামনে এসেছে। সরকারি ওয়েবসাইট, সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলছে প্রতারক চক্র। সেই পরিচয়ের আড়ালে নাগরিকদের ফোন করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কখনো সরকারি মামলার কথা বলা হচ্ছে, কখনো সিম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখানো হচ্ছে। এরপর চাওয়া হচ্ছে ওটিপি, পিন, পাসওয়ার্ড বা আর্থিক তথ্য।
- ট্যাগ:
- মতামত
- ডিজিটাল প্রতারণা