‘হঠাৎ ২০-২৫ জন এসে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে’
রাত তখন পৌনে আটটা। হঠাৎ ২০ থেকে ২৫ জন লোক আসে। তাঁদের অনেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তাঁরা এসে দোকানপাট বন্ধ করে দিতে বলে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল রোববার রাতে যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তার প্রত্যক্ষদর্শীরা এই বর্ণনা দিয়েছেন। তাঁরা আরও বলেছেন, গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন ছোটাছুটি করতে থাকে। দোকানদারেরা দোকান বন্ধ করা শুরু করেন। এ সময় গুলিতে কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের একজন মুদিদোকানদার মো. ইদ্রিস (৪৮)। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কাস্টমারকে সওদাপাতি দিচ্ছিলাম। হঠাৎ গুলির আওয়াজ শুনি। দ্রুত শাটার লাগিয়ে আমি বের হয়ে চলে যাই।’ তিনি বলেন, হামলাকারীদের বেশির ভাগের হাতেই অস্ত্র ছিল।
গেন্ডারিয়ায় গুলির ঘটনা ঘটেছে রেললাইনসংলগ্ন স্বামীবাগ মুন্সিরটেক জামে মসজিদের পাশের গলিতে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন চা-দোকানি আলমগীর (৩৩) এবং আশা আক্তার (২০) ও সিয়াম (১৮)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগ্নেয়াস্ত্র