মিররলেস ক্যামেরা বাজারে আনছে চীন, বদলে যাবে হিসাব?
সেই ফিল্ম যুগ থেকে শুরু করে হালের ডিজিটাল ক্যামেরার বাজারে দীর্ঘকাল ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে জাপান। ক্যানন, সনি, নিকন, ফুজিফিল্ম, প্যানাসনিক, ওএম সিস্টেম, সিগমা, রিকো বা পেনটাক্সের মতো শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের জন্মই জাপানে, যাকে বলা হয় ডিজিটাল ফটোগ্রাফির তীর্থভূমি।
বর্তমানে বাজারের সেরা কোনো মিররলেস ক্যামেরা কিনতে চাইলে লাইকা বা হাসলব্লাড-এর মতো হাতেগোণা কয়েকটি ইউরোপীয় ব্র্যান্ড ছাড়া বাকি সবগুলোর মূল ঠিকানা ওই জাপানেই।
অন্তত এখন পর্যন্ত!
শতাব্দীপ্রাচীন এ সমীকরণে এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট টেকরেডার। কারণ, ডিজিটাল ফটোগ্রাফির বাজার নিয়ন্ত্রণে এক নতুন পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে চীন।
এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে চীনের শেনজেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি ‘ডিজেআই’। জনপ্রিয় অ্যাকশন ক্যামেরা নির্মাতা ‘গোপ্রো’কে পেছনে ফেলে বিক্রি বাড়িয়েছে তারা। পকেট ব্লগিং ক্যামেরা ও ড্রোন প্রযুক্তির বাজারেও এখন ডিজেআইয়ের জয়জয়কার।