ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার-স্নাইপারসহ নিহত ৫, নেতানিয়াহুর প্রশংসা
গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন। এছাড়াও হাসান জিদান নামে পরিচিত হামাসের একজন দক্ষ স্নাইপারকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।
আইডিএফের দাবি, নিহতদের একজন আবদ আল-ফাত্তাহ আবু আল-ঈশ। তিনি হামাসের নুখবা বাহিনীর একজন কমান্ডার ছিলেন এবং ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলে প্রবেশ করেছিলেন।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) গাজায় অভিযান চালানোর সময় নুখবা কোম্পানির কমান্ডার হানি আবদ আল-হাই ফাখরি মাজলুম এবং হামাসের স্নাইপার হাসান জিদান হাসান দেইরিকে হত্যার কথা জানায় আইডিএফ।
ইসরায়েলি বাহিনীর দাবি, মাজলুম ও দেইরি-দুজনই হামাসের কাছে অস্ত্র পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তারা আইডিএফের সেনা ও ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর পাশাপাশি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ করছিলেন।