ভ্রমণের গল্প ভিডিওতে, আসিকুরের স্বপ্ন বিশ্বভ্রমণের
আসিকুর রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি ভিডিওগ্রাফি ও ট্রাভেল ফিল্মমেকিং করেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম ডুমনীঘাট তার বাড়ি। স্বপ্ন—একদিন পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। গল্প বলবেন ভিডিওর মাধ্যমে।
বাংলাদেশের যে জায়গাটি তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে; সেটি সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর। স্বচ্ছ ও শীতল পানি তাকে মুগ্ধ করেছে। রোদে পুড়ে সেই পানিতে নামার পর শরীর-মন জুড়িয়ে যায়। তবে বাংলাদেশের আরও অনেক জায়গা তার ঘোরা বাকি। এখন পর্যন্ত সিলেটের সাদাপাথর, লালাখাল, শ্রীপুর ও মালিনীছড়া চা-বাগান, রাতারগুল, জাফলং ও শাহজালাল মাজার ঘুরেছেন। ঘুরেছেন নেত্রকোনার কলমাকান্দা ও বিরিশিরি। ময়মনসিংহের মুক্তাগাছা জমিদারবাড়ি, ব্রহ্মপুত্র নদ, জয়নুল আবেদীন পার্ক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জের নিকলী হাওর এবং অষ্টগ্রাম-মিঠামইন সড়কও তার ভ্রমণ তালিকায় আছে।
সিলেটের লালাখাল তার একটি ধারণা বদলে দিয়েছে। প্রথমে সেখানে গিয়ে চোখে পড়ে অপরিষ্কার পানি। কিন্তু নৌকা চলতে শুরু করলে ধীরে ধীরে দেখা যায় স্বচ্ছ নীল পানি। সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে—কোনো কিছুকে শুরুতেই বিচার করা ঠিক নয়। তার ভাষায়, ‘ডোন্ট জাজ বাই ইটস কভার’।