নেপালের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কী শিক্ষা নেব?
পাহাড়েরও স্মৃতি আছে। গাছের শিকড়ে, মাটির স্তরে, ঝরনার জলে, পাথরের ভাঁজে সে স্মৃতি জমে থাকে। মানুষ সেই স্মৃতি পড়তে জানে না বলেই হয়তো বারবার একই ভুল করে। পাহাড় কেটে ঘর বানায়, বন কেটে রাস্তা বানায়, নদীর স্বাভাবিক পথ আটকে উন্নয়নের নাম দেয়—তারপর কোনো এক বর্ষার রাতে যখন পাহাড় ভেঙে পড়ে, নদী উন্মত্ত হয়ে ওঠে, তখন বিস্মিত হয়ে বলে, ‘এমন হলো কী করে?’
প্রকৃতি আসলে হঠাৎ প্রতিশোধ নেয় না। মানুষ দীর্ঘদিন ধরে যে ঋণ জমায়, দুর্যোগ অনেক সময় তারই হিসাব মেলায়। নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগ সেই পুরোনো সত্যটিই আবার সামনে নিয়ে এসেছে। হিমালয়ের উচ্চভূমি থেকে নেমে আসা বরফ, পাথর, কাদা ও পানির প্রবল স্রোত মুহূর্তের মধ্যে জনপদকে বিপর্যস্ত করেছে। ভোতে কোশি নদী অববাহিকা ও সীমান্তবর্তী এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি, নিখোঁজ মানুষ, বিধ্বস্ত সড়ক ও সেতু, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো—সব মিলিয়ে নেপাল ও তিব্বত সীমান্তে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট।
- ট্যাগ:
- মতামত
- প্রাকৃতিক দুর্যোগ