ছিনতাইয়ের শিকার শিক্ষিকা ভোরে ঢাকায় এসেছিলেন চিকিৎসা করাতে, ফিরলেন লাশ হয়ে
ঢাকায় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত বগুড়ার গাবতলী উপজেলার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন চিকিৎসার জন্য এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা শনিবার ভোরে স্বামীর সঙ্গে ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছান।
সেখান থেকে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ৫৭ বছর বয়সি রনজিলা উপজেলার সোনাকানিয়া গ্রামে বাসিন্দা। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকার জেলা খাদ্য কর্মকর্তার অফিসের পাশে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন।
রনজিলার বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বগুড়ায় ফিরছেন লাশ নিয়ে। এ ঘটনায় পরিবারের পক্ষে থেকে কোনো মামলা করা হবে না বলে জানান তিনি।
তিনি বলেন, চোখের চিকিৎসার জন্য রনজিলা পারভীন ও তার স্বামী আব্দুল মতিন বৃহস্পতিবার রাত ১২টার বাসে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে ঢাকায় পৌঁছে তারা রিকশায় করে ফার্মগেটের ইসলামী চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন।
সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রনজিলা পারভীনের হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।