‘গুলশানের চামেলি’ সিনেমায় বাপ্পারাজ, বললেন, 'গল্পের জন্যই যুক্ত হওয়া'
বাংলাদেশ ভারতের শিল্পীদের নিয়ে নির্মাণের অপেক্ষায় থাকা ‘গুলশানের চামেলি’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা বাপ্পারাজ।
গল্প পছন্দ হওয়াতেই সিনেমাটিতে কাজ করছেন বলে গ্লিটজকে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, "‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমার গল্পের জন্যই যুক্ত হওয়া, নির্মাতা ইকবালের কাছ থেকে গল্পটা শুনে ভালো লাগে। এখন তো মনের মত গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।"
সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল। অগাস্টের শুরুতেই এক মহতর অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা দেন তিনি।
সিনেমাটির এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইকবাল।
বাপ্পারাজের যুক্ত হওয়া ও সিনেমার অগ্রগতি নিয়ে গ্লিটজকে বলেন, "বাপ্পারাজ আমার বন্ধু। তার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। তাকে আমি গল্প শুনিয়েছি। গল্প ও আমার অনুরোধ রাখতেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তিনি একজন অভিজ্ঞ অভিনেতা। তিনি এই সিনেমায় যুক্ত হওয়াতে আমরা আনন্দিত।"
সিনেমাটি নিয়ে ইকবাল বলেন, "ডিসেম্বরে আমরা সিনেমার দৃশ্যধারণে যাব। এখন প্রি প্রোডাকশনের কাজ খুব ভালো চলছে। পাশাপাশি আমাদের গান রেকর্ডিং হয়ে গেছে। তিনটা গান রেকর্ড করে ফেলছি। গানগুলো খুব সুন্দর হইছে। আমাদের শুটিংয়ের প্রস্তুতিও খুব ভালো। আশা করি ভালো কিছুই হবে।"
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা নির্মাণ
- বাপ্পারাজ