জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর
দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটকে গত ১৭ বছরের সরকারের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘অতীতে আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থা গড়ে তোলার কারণে দেশে সংকট তৈরি হয়েছে।
এখন সরকার জীবাশ্ম জ্বালানি থেকে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ উৎপাদকে পরিণত করার পরিকল্পনা করছে।’
শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটরিয়ামে মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন ফাউন্ডেশনগুলোর ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার এবং ‘৫ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘দেশের বিদ্যুতের যে সংকট, তা ১৭ বছরের সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে দেশের বিশেষজ্ঞরাও বিষয়টি উল্লেখ করেছেন। বর্তমান সরকার এই সংকটকে আড়াল না করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে।’
জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘এখন মূল লক্ষ্য হচ্ছে এনার্জি মিক্সে পরিবর্তন আনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও কমানো যাবে।