ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন বা সাড়ে ৬ হাজার কোটি ব্যারেলেরও বেশি তেল মজুত নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
"এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়াবে, আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সব আমেরিকানের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে," ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন।
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি তার দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে।
এ বছর যুক্তরাষ্ট্র দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের অধিকারী ভেনেজুয়েলার তেলসম্পদ কাজে লাগানোর কথা বলেছিলেন ট্রাম্প।
সাম্প্রতিক সময়ে ইরান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনার জন্য ট্রাম্পের ওপর চাপও বেশ বাড়ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তেল চুক্তিকে 'আমেরিকান ও ভেনেজুয়েলার উভয় জনগণের জন্য একটি বিশাল বিজয়' বলে অভিহিত করেছেন।
তবে চুক্তিটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।