ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর এ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে থেকে মারা গেছেন এক রোগী। তাঁর নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
রোগীর স্বজন তারেক আল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে স্বজনেরা আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তাঁরা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে তিনি মারা যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তীব্র যানজট
- রোগীর মৃত্যু