‘নগদ’ নিয়ে এত গুঞ্জন, শেষ পর্যন্ত কী হবে
দুই বছরের বেশি সময় ধরে প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। মোবাইলে আর্থিক সেবার কোম্পানি ‘নগদ’ বিক্রি বা হাতবদলের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে; দেশি নাকি বিদেশি কোম্পানি নগদ কিনবে, তা নিয়ে আলোচনার ডালপালা ছড়িয়েছে নানা দিকে, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
সরকার বলছে, আপাতত ‘নগদ’ বিক্রির কোনো পরিকল্পনা নেই। কিন্তু দুই বছরের বেশি সময় ধরে ডাক বিভাগের এ কোম্পানি পরিচালিত হচ্ছে প্রশাসক দিয়ে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগদ বিক্রি নিয়ে যেসব গুজব বা গুঞ্জন ছড়ানো হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই—নগদ বিক্রির কোনো প্ল্যান সরকারের নেই। এটাই আপাতত শেষ কথা।”
কাগজে-কলমে ‘নগদ’ ডাক বিভাগের কোম্পানি হলেও এর শতভাগ শেয়ারের মালিকানা এখনও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক ও অন্যদের হাতে। ফলে মালিকানা হস্তান্তরের আলোচনায় তাদের নামও আসছে।
এ বিষয়ে গত ৪ অগাস্ট নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ভালো খবর আছে, একটি আলোচনা অনেক দূর এগিয়েছে। আগামীকাল আমি বিস্তারিত জানাব।”
পরদিন যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে এসএমএসে বলেন, “এখনও আলোচনা চলছে। আগামী সোমবার (১০ অগাস্ট) আমি পুরো আপডেট দিতে পারব।”