গুগল সার্চে এবার যোগ করা যাবে পছন্দের সংবাদমাধ্যম
সার্চে প্রিয় অনলাইন সংবাদমাধ্যম ও প্রকাশনা সহজে ফলো করার সুবিধার্থে নতুন ফিচার চালু করেছে সার্চ জায়ান্ট গুগল।
বিভিন্ন ওয়েবসাইটে যোগ করা ‘প্রেফার্ড সোর্সেস’ নামের এ বিশেষ বাটনে ক্লিক করলে সার্চ পেইজের ‘টপ স্টোরিজ’ বা এআই ফিচারগুলোতে পাঠক তাদের পছন্দের সংবাদমাধ্যমের খবর আরও বেশি সংখ্যায় দেখতে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগল বলেছে, পাঠক ওয়েবসাইটে থাকা এ ফিচারে ক্লিক করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি সার্চ ইঞ্জিনে তার পছন্দের তালিকা বা ‘প্রেফার্ড সোর্স’ হিসেবে যোগ হয়ে যাবে। একইসঙ্গে পাঠক আবার আগের জায়গায় ফিরে গিয়ে স্বাভাবিকভাবে লেখা পড়তে পারবেন।
একবার বাটনটি সাবস্ক্রাইব করা হলে গুগল সার্চের ‘টপ স্টোরিজ’, ‘এআই ওভারভিউ’ ও ‘এআই মোড’-এর মতো বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবর আরও বেশি সংখ্যায় দেখতে পাবেন পাঠক।
গুগল সার্চ থেকে বিভিন্ন অনলাইন সংবাদের মূল ওয়েবসাইটে ভিজিটর যাওয়ার হার সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে কমেছে। সার্চ ফলাফলে সরাসরি এআই ওভারভিউ ও এআই মোড যোগের কারণে পাঠকরা সার্চ পেইজেই উত্তর পেয়ে যাচ্ছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল সার্চ
- নতুন ফিচার