আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৫:১৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব।’
বঙ্গভবনের দরবার হলে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারও প্রতি তাঁর কোনো রাগ-অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য।