পুরান ঢাকার ঢাকা কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির পদার্থবিজ্ঞানের ক্লাস। ১৯ আগস্ট শিক্ষার্থীদের ‘বিভব শক্তির সংরক্ষণশীলতা’ বোঝাতে শ্রেণিকক্ষে সরল দোলক ব্যবহার করছিলেন সহকারী শিক্ষক আবদুল্লাহ আল নাহিয়ান। দোলকের দোলন দেখিয়ে তিনি বোঝাচ্ছিলেন, শক্তির রূপান্তর ও সংরক্ষণশীলতার বিষয়টি।
শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারছিল সহজেই। শিক্ষক আবদুল্লাহ আল নাহিয়ানের মতে, পাঠের সঙ্গে মিল রেখে সঠিক শিখন উপকরণ ব্যবহার করলে কঠিন বিষয়ও শিক্ষার্থীদের কাছে সহজ হয়ে আসে।
কিন্তু দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বড় অংশে এমন চিত্র নেই। শ্রেণিকক্ষে উপকরণ থাকলেও তা অনেক ক্ষেত্রে পাঠ্য বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে শিক্ষার্থীরা যে বিষয় শেখার কথা, তা কতটা শিখছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সারা দেশে ৫ হাজার ৪৩১টি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৪৭টি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের কার্যক্রম মনিটরিং (পরিবীক্ষণ) করা হয়।