বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড
বিড়ালের চার পায়ে সাধারণত কয়টি আঙুল থাকে? সাধারণ উত্তর হলো ১৮টি। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এবার এমন এক বিচিত্র বিড়ালের খোঁজ মিলেছে, যার পায়ে রয়েছে ২৯টি আঙুল।
অবিশ্বাস্য এ শারীরিক বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে বিড়ালটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ইরেবাসের পায়ের থাবার ছবি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মেইন কুন জাতের এ পুরুষ বিড়ালের নাম ‘ইরেবাস অ্যানোমালি’। এটির মালিক কেন্দ্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট নামের এক মার্কিন দম্পতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ইরেবাসের পায়ে সাধারণ বিড়ালের চেয়ে ১১টি আঙুল বেশি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
অতিরিক্ত আঙুল থাকার কারণে বিড়ালটির থাবা দেখতে সাধারণের চেয়ে বেশ বড় ও আলাদা লাগে। তবে এর কারণে হাঁটাচলা বা স্বাভাবিক জীবনযাপনে ইরেবাসের কোনো অসুবিধা হয় না।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অতিরিক্ত আঙুল নিয়ে জন্মানোর এ জিনগত বৈশিষ্ট্যকে ‘পলিড্যাক্টাইলি’ বলা হয়। মেইন কুন জাতের বিড়ালদের মাঝেমধ্যে এমন অতিরিক্ত আঙুল দেখা গেলেও ইরেবাসের মতো ২৯টি আঙুল থাকার ঘটনা ইতিহাসে এই প্রথম।