মার্কিন পণ্যে ১৫-৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার
মার্কিন পণ্যে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেয় দেশটি।
বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে। এই পাল্টা শুল্ক আরোপের ফলে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ দুই মিত্র দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করল।
অটোয়ার আরোপ করা এই শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সময়সীমার রূপরেখা দিয়েছিলেন।
কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন জানান, ১৫, ২৫ ও ৫০ শতাংশ হারের এই পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের শুল্ক হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ইস্পাত, দুগ্ধজাত পণ্য এবং ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্প খাত প্রভাবিত হবে।
শুল্কের এই তালিকায় হিমায়িত ও টাটকা মাছ, ডিশওয়াশার ও ওয়াশিং মেশিনের মতো নিত্যব্যবহার্য পণ্য এবং রেলওয়ে নির্মাণ সামগ্রীর মতো শিল্পজাত পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য ৫ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা সরকার।
দেশটির অর্থমন্ত্রী শ্যাম্পেন বলেন, এটি কানাডার ওপর চাপিয়ে দেওয়া এক নজিরবিহীন চ্যালেঞ্জ। তবে কানাডা এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। আমি মনে করি, আজ সকালে কানাডীয়রা আমাদের ঐক্যবদ্ধ অবস্থান দেখতে পাচ্ছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শুল্ক আরোপ