সৌরবিদ্যুতে ঝুঁকছে বড় শিল্পগোষ্ঠী, নিজেরাই উৎপাদন করতে পারে ৬০০ মেগাওয়াট
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ৭টি তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানার ছাদে ৫ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপন করেছে। পাশাপাশি নতুন করে সিরামিক, তৈরি পোশাকসহ ১০টি কারখানায় ১৬ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ বসানোর পরিকল্পনা নিয়েছে তারা। এর মধ্যে চলতি বছর উৎপাদনে আসবে ৮ মেগাওয়াট। বাকিটা আগামী বছর।
জানতে চাইলে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্বালানিনিরাপত্তা ও বিদেশি ক্রেতাদের কার্বন নিঃসরণের চাপ থাকায় আমরা দ্রুত সৌরবিদ্যুতে বিনিয়োগ করছি। নতুন প্রযুক্তি আসায় এখন সৌরবিদ্যুৎ স্থাপনে আগের চেয়ে সময় কম লাগছে। কারখানার ছাদের সৌরবিদ্যুতে প্রতি ইউনিটে খরচ পড়ছে ৬ থেকে সাড়ে ৬ টাকা।’
ডিবিএল গ্রুপের মতো বড় শিল্পকারখানাগুলো এখন দ্রুতগতিতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। গত দশকে সরকারের নীতি ও বিদেশি ক্রেতাদের কার্বন নিঃসরণ কমানোর চাপে পড়ে সৌরবিদ্যুৎ স্থাপন শুরু হয়। জ্বালানিসংকট প্রকট হওয়ার পাশাপাশি জ্বালানির দাম বাড়তে থাকায় তিন বছর ধরে সৌরবিদ্যুতে বিনিয়োগ বাড়াচ্ছে বড় বড় শিল্পগোষ্ঠী।