ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল
ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার রাতে এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিতে নিয়োজিত মো. আমিনুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে এক বছরের চুক্তিতে তাঁকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে সচিব পদমর্যাদায় তাঁকে পদে নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।