‘কৃত্রিম সংকটে’ সারের দাম বাড়ছে, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না অনেকেই
আমন ধান ও শীতকালীন বিভিন্ন ফসলের মৌসুম সামনে রেখে দেশে সারের চাহিদা যখন বাড়ছে, তখন বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে চাহিদা অনুযায়ী সার পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সরকার নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রয়োজনমতো সার না পেয়ে অনেক কৃষককে খোলা বাজারের ওপর নির্ভর করতে হচ্ছে। সেখানে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি ৫০ কেজির বস্তায় ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি গুনতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।
দ্য ডেইলি স্টার অন্তত দেশের ১০ টি জেলার কৃষকদের সঙ্গে কথা বলেছে। এসব কৃষকরা সারের সংকট ও বেশি দামে বিক্রির অভিযোগ করেছেন।
কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত অনেক ডিলার পয়েন্টে সার নেই বলে জানানো হচ্ছে অথবা চাহিদার তুলনায় খুব কম পরিমাণে দেওয়া হচ্ছে। ফলে বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে তাদের।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষক মোহাম্মদ বাবলুর ১৬ বিঘা আমন ধানের জমির জন্য প্রয়োজন ১০ বস্তা সার। স্থানীয় ডিলারের কাছ থেকে সার না পেয়ে পাশের কোচানপুর উপজেলার একটি বাজারে যান তিনি। সেখানে মাত্র ২০ কেজি সার কেনার সুযোগ পান তিনি।
শেষ পর্যন্ত সার না কিনেই বাড়ি ফিরতে হয় তাকে। পরে খোলা বাজার থেকে সার কিনতে বাধ্য হন বাবলু। সরকারি নির্ধারিত ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৩৫০ টাকা দামের বস্তা সেখানে বিক্রি হচ্ছিল ১ হাজার ৬৫০ থেকে ২ হাজার ১৫০ টাকায়।
এদিকে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষক লতিফ উদ্দিনের ১০ বিঘা আমন জমির জন্য প্রয়োজন পাঁচ বস্তা সার। কিন্তু ডিলারের কাছ থেকে পেয়েছেন মাত্র এক বস্তা। বাকি চার বস্তা খোলা বাজার থেকে কিনতে গিয়ে প্রতি বস্তায় অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হয়েছে তাকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাম বৃদ্ধি
- সার বিতরণ
- কৃত্রিম সংকট