অন্তর্বাস পরে রাখিবন্ধনের বিজ্ঞাপন, তুমুল বিতর্কে কৃতি
প্রথম আলো
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৬:২০
রাখিবন্ধন মানেই ভাই-বোনের সম্পর্ক, ভালোবাসা আর পারিবারিক বন্ধনের উদ্যাপন। ঐতিহ্যবাহী এই উৎসবকে এবার একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছিল একটি গয়না ব্র্যান্ড। বিজ্ঞাপনচিত্রের কেন্দ্রীয় চরিত্র বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু প্রচারের পরই সেই ‘আধুনিক’ উপস্থাপনা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কৃতির পোশাক থেকে শুরু করে একটি পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য—বিজ্ঞাপনের একাধিক বিষয় নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
বিজ্ঞাপনটিতে কৃতিকে দেখা গেছে অফ হোয়াইট রঙের ব্রালেটধর্মী ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে। সাজ ও পোশাকে ছিল আধুনিকতার ছাপ। উৎসবের চেনা আবহের সঙ্গে সমকালীন ফ্যাশনের মিশেল ঘটানোই ছিল সম্ভবত বিজ্ঞাপনটির উদ্দেশ্য। কিন্তু সেই পোশাকই হয়ে উঠেছে সমালোচনার অন্যতম প্রধান কারণ।