সংঘর্ষে আটকে পড়া প্রাইভেট কারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক, এরপর যা হলো
প্রথম আলো
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৭
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছুটে যাচ্ছিল একটি ট্রাক। সেটির নিচে আটকা পড়েছিল একটি প্রাইভেট কার। ট্রাকটি না থেমে ওই অবস্থায় কারটিকে টেনে নিয়ে যাচ্ছিল ব্যস্ত সড়ক ধরে। দৃশ্যটি চোখে পড়ার পর পথচারীরাও ছুটছিলেন ট্রাকটি থামাতে। চিৎকার করে বলছিলেন থামতে। কিন্তু কে শোনে কার কথা।
আজ সোমবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকালে এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। জানা গেছে, বেপরোয়া ট্রাকটি সেটির নিচে আটকে পড়া প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। তবে দুর্ঘটনায় কারটির কিছু অংশ দুমড়েমুচড়ে গেলেও চালক সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।