ত্বকের গোপন সুরক্ষাবলয় ভালো রাখবেন যেভাবে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি অত্যন্ত স্পর্শকাতর ও কার্যকর একটি প্রতিরক্ষামূলক ঢাল। আপনার এই প্রাকৃতিক সুরক্ষা প্রাচীরটি কোনো কারণে দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে যত দামি সেরাম বা টোনারই ব্যবহার করুন না কেন, ত্বকের কাঙ্ক্ষিত সৌন্দর্য বা সতেজতা ফিরিয়ে আনা অসম্ভব।
প্রাকৃতিক সুরক্ষাপ্রাচীর ও তার গঠন
ত্বকের একদম উপরিভাগের স্তরটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্ট্র্যাটাম কর্নিয়াম বলা হয়। এটিকে একটি মজবুত দেয়ালের কাঠামোর মাধ্যমে সহজে বোঝা যেতে পারে। ত্বকের কোষকে দেয়ালের গাঁথুনির ইট মনে করুন। ত্বকের ওপরের স্তরে ঘনভাবে সাজানো প্রতিটি মৃত ও শক্ত কোষ একেকটি ইটের মতো কাজ করে। এরপর আসে লিপিডের কথা। লিপিডকে তুলনা করা যেতে পারে সিমেন্টের সঙ্গে। কোষগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ করে রাখে সেরামাইড, কোলেস্টেরল ও প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তৈরি একপ্রকার ফ্যাট বা লিপিড। এটি উপাদানগুলোকে শক্তভাবে একসঙ্গে ধরে রাখে। এই কোষ ও লিপিডের সমন্বয়ে তৈরি আমাদের স্কিন ব্যারিয়ার। এই প্রাকৃতিক প্রলেপটি মূলত ত্বকের ভেতরের প্রয়োজনীয় পানি ও স্বাভাবিক আর্দ্রতাকে বাষ্প হয়ে উড়ে যেতে দেয় না এবং বাইরের ধূলিকণা, জীবাণু, অ্যালার্জেন ও দূষণকে ত্বকের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা