অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল
এক দিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে যেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়েছে।
গতকাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের আগমন, মাঠ-ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখা—সবকিছুই তৈরি করেছে বড় এক সম্ভাবনার আবহ। এবার সেই সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল।
আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- বাংলাদেশ-ব্রাজিল