ফেনীর নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা

প্রথম আলো প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

ফেনীর নুসরাত জাহান হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রায়কে ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ।


সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, মামলার বাদী ও নিহত নুসরাতের ভাই মাহমুদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নুসরাত হত্যাকাণ্ডের পর থেকেই তাঁদের বাড়িতে দুজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। তবে গতকাল রোববার থেকে সেখানে আরও সাতজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয় ২০ আগস্ট। শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। জানতে চাইলে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, ‘আমার মা-বাবাসহ পরিবারের সবাই ন্যায়বিচার চাই। নিম্ন আদালতের দেওয়া রায় উচ্চ আদালতেও বহাল থাকবে—এমন প্রত্যাশা করছি।’ তিনি বলেন, ‘বাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করায় আমরা সন্তুষ্ট। তবে আমরা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নই। কারণ, বিভিন্ন প্রয়োজনে আমাদের পরিবারের সদস্যদের বাড়ির বাইরে যেতে হয়।’


নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও