মাউন্ট ফুজিতে সাত বছরের ছেলেকে একা ফেলে গেলেন বাবা, অতঃপর...
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিশুটি ক্লান্ত বোধ করার কথা জানালে ৪৮ বছর বয়সী ওই বাবা তাকে এখানেই অপেক্ষা করতে বলেন এবং তার বড় ছেলেকে নিয়ে পর্বত আরোহণ চালিয়ে যান।
পাহাড়ের চূড়ার দিকে যাওয়ার একটি হাইকিং রুটের ‘ষষ্ঠ স্টেশনের’ কাছে মাউন্টেন হাটের (কুঁড়েঘর) কর্মীরা শিশুটিকে একা দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই রুটের সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে তার বাবাকে খুঁজে বের করা হয়। শিশুটির অবস্থান থেকে যা প্রায় তিন ঘণ্টার হাঁটা পথ।
দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষার পর শিশুটি যখন তার বাবার সঙ্গে পুনরায় মিলিত হয়, তখন সে অত্যন্ত ‘ক্লান্ত ও বিরক্ত’ ছিল বলে জানা যায়।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র ঘটনা
- হাইকিং