সৌদি থেকে ছুটিতে এসে ডাকাতি, ৬ বছরে কোটিপতি জলিল
ভাগ্য বদলের আশায় ২০১৬ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ জলিল মোল্যা। চার বছর পর ছুটিতে দেশে ফেরেন। এরপর আর বিদেশে যাওয়া না হলেও দেশেই ভাগ্য বদলাতে থাকে তার।
বরিশালে দোতলা বাড়ি, প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছের খামার করেছেন। সাভারে রয়েছে পাঁচতলা বাড়ি। কয়েক বছরের ব্যবধানে গড়ে তোলেন কোটি টাকার সম্পদ।
পুলিশের দাবি, জলিলের এসব সম্পদের বড় একটি অংশ এসেছে ডাকাতির টাকা থেকে।
সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘ডিএল ফিলিং স্টেশনের’ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জলিল গ্রেপ্তার হওয়ার পর তার এসব সম্পদের বিষয় সামনে আসে।
গত ৯ আগস্ট সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল ফিলিং স্টেশনের এক কর্মীকে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয় মোটরসাইকেলে আসা সশস্ত্র একটি দল।
এ ঘটনায় করা মামলায় জলিলকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা ছিল জলিলের। তার কাছ থেকে লুটের অর্থ থেকে ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জলিলকে আদালতে নেওয়া হলে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
তদন্তসংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানান, জলিলের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অন্তত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জলিলের সাভারে পাঁচতলা বাড়ি আছে। এছাড়া গরুর খামার ও পুকুরও রয়েছে। ডাকাতির মাধ্যমে এসব সম্পদ গড়ে তুলেছেন তিনি।’
‘এসব সম্পদের তথ্য সবাই জানে। তবে আমরা ধারণা করছি, এর বাইরেও তার সম্পদ রয়েছে। আমরা ফের রিমান্ড চাইব,’ বলেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডাকাতি
- প্রবাসী বাংলাদেশি