ছাদ বা বারান্দার টবেই ফলান রসুন, জেনে নিন সহজ পদ্ধতি
রান্নায় রসুন প্রয়োজন, কিন্তু ঘরে নেই—এমন পরিস্থিতিতে বাজারে ছুটতে হবে না। বাড়ির বারান্দা কিংবা ছাদে কয়েকটি টব থাকলেই সেখানে সহজেই রসুন চাষ করা যায়। সঠিকভাবে পরিচর্যা করলে কয়েক মাস পর সেই টব থেকেই পাওয়া যাবে টাটকা রসুন। খবর আনন্দ বাজার
শীতকালীন এই ফসল টবে চাষের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর। এ সময়ে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় রসুনের কোয়া থেকে শিকড় ও পাতা গজানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
টব ও মাটি কেমন হবে
রসুনের শিকড় খুব বেশি গভীরে যায় না। তাই ৮ থেকে ১০ ইঞ্চি গভীর এবং চওড়া টব বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। তবে পাত্রের নিচে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
মাটি হিসেবে দোআঁশ মাটি ব্যবহার করা ভালো। এর সঙ্গে গোবর সার বা ভার্মিকম্পোস্টের মতো জৈব সার মিশিয়ে নিতে হবে। মাটি যেন ঝুরঝুরে থাকে, সে জন্য প্রয়োজন অনুযায়ী কিছু বালিও মেশানো যেতে পারে।
যেভাবে রসুনের কোয়া লাগাবেন
রোপণের জন্য বড় ও সুস্থ রসুনের কোয়া বেছে নিতে হবে। রসুনের কোয়াগুলো আলাদা করে নিতে হবে, তবে খোসা ছাড়ানো যাবে না। এরপর কোয়ার চ্যাপ্টা বা চওড়া অংশটি নিচের দিকে এবং সুচালো অংশটি ওপরে রেখে প্রায় ২ ইঞ্চি গভীরে মাটিতে পুঁতে দিতে হবে। একটি কোয়া থেকে আরেকটির দূরত্ব রাখতে হবে অন্তত ৪ থেকে ৬ ইঞ্চি। এতে গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জায়গা পাবে।
পর্যাপ্ত রোদ, পরিমিত পানি
রসুনের গাছ ভালোভাবে বেড়ে উঠতে পর্যাপ্ত আলো প্রয়োজন। তাই টব এমন জায়গায় রাখতে হবে, যেখানে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি রোদ পড়ে। মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পানি দিতে হবে। তবে টবে পানি জমে থাকা যাবে না। অতিরিক্ত পানি জমে থাকলে রসুনের কোয়া পচে যেতে পারে।