এথেলের ১১৭তম জন্মদিন
তিনি দু-দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন, ভারত ও হংকং ভ্রমণ করেছেন এবং কোভিড-১৯ মহামারির শুরুর দিকে ১১০ বছর বয়সে এ রোগে আক্রান্ত হয়েও পরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি যুক্তরাজ্যের বাসিন্দা এথেল ক্যাটারহ্যাম।
গতকাল শনিবার নিজের ১১৭তম জন্মদিন উদ্যাপন করেন যুক্তরাজ্যের এই নারী। ১৯০৯ সালের ২১ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি বলে জানিয়েছে বিবিসি।
এথেল ইংল্যান্ডের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বাস করেন। ২০২৫ সালের এপ্রিলে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হওয়ার রেকর্ড গড়েন। তাঁর আগে ১১৬ বছর বয়সী ব্রাজিলের সন্ন্যাসিনী সিস্টার ইনাহ কানাবারো লুকাস বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। ইনাহ লুকাস মারা যাওয়ার পর ক্যাটারহ্যাম এই স্বীকৃতি পান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, কোভিডে আক্রান্ত হওয়ার পর বেঁচে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন এথেল। ২০২০ সালে ১১০ বছর বয়সে তিনি এ রোগে আক্রান্ত হয়েছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কিং এডওয়ার্ড সপ্তমের আমল দেখা শেষ জীবিত ব্যক্তি।
- ট্যাগ:
- জটিল
- জন্মদিন উদযাপন