বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বাসভবনে ওঠাকে কেন্দ্র করে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে নতুন রাষ্ট্রপতির।
বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার দেবে। রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসকে ঘিরে বঙ্গভবনে অভ্যর্থনা ও আনুষ্ঠানিকতার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ১৯৯১ সালের পর এটিই ছিল দেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।