অস্ট্রেলিয়া সিরিজে লিটনের ‘থ্রি জিরোস’, ফের স্টার্কের শিকার
পায়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার জন্য ঘোষিত প্রথম স্কোয়াডে ছিলেন না লিটন দাস। পরে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষে তাকে দলে যুক্ত করেন বাংলাদেশের নির্বাচকরা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে হতাশ করেছেন এই ব্যাটার। দুই ম্যাচে তিন ইনিংস খেলে প্রত্যেকবার ডাক মারলেন তিনি।
ডারউইনে ও ম্যাকাই টেস্টে প্রথম ইনিংসে দুইবারই ডাক মেরেছিলেন। প্রথম ম্যাচে ১২ বল খেলে মিচেল স্টার্কের শিকার হন তিনি। দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসে ৫ বল খেলে অজি পেসারের কাছে উইকেট হারান লিটন। তৃতীয় ইনিংসেও একই পরিণতি।
ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিন ২৩তম ওভারে লিটন নিজের প্রথম বল খেলেন স্টার্কের বিরুদ্ধে। বেশ অস্বস্তি নিয়ে ওই ছয়টি বল সামাল দেন তিনি। এর আগে নাথান লায়নের বলে স্টার্কের ক্যাচ হন নাজমুল হোসেন শান্ত। ৪৬ বলে ৬ চারে ৩১ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৫১ রানে বাজে এক শট খেলে স্টার্কের সহজ ক্যাচ হন তিনি। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটি ছিল ২৭ রানের। চতুর্থ উইকেট হারানোর পর লিটন-মুশফিক জুটি বাঁধেন। কিন্তু লিটন তার ১০টি বলই স্টার্কের মুখোমুখি হন। প্রথম ৯ বল কোনোরকমে ঠেকাতে পারলেও পরের বলে তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের ক্যাচ হন তিনি।