ফোনের স্পিকারে ময়লা জমলে নিজেই পরিষ্কার করুন সহজে
স্মার্টফোন এখন সারাক্ষণের সঙ্গী। পকেট, ব্যাগ কিংবা টেবিলে রাখার কারণে সময়ের সঙ্গে ফোনের বিভিন্ন অংশে ধুলা-ময়লা জমে। বিশেষ করে স্পিকারের ছোট ছোট ছিদ্রে ধুলা বা লিন্ট আটকে গেলে অনেক সময় আগের তুলনায় শব্দ কম শোনা যেতে পারে। তবে স্পিকার পরিষ্কার করতে গিয়ে ভুল পদ্ধতি ব্যবহার করলে উল্টো ফোনের ক্ষতি হতে পারে। তাই বাড়িতেই নিরাপদে পরিষ্কার করতে চাইলে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন।
পরিষ্কার করার আগে যা খেয়াল রাখবেন
স্পিকার পরিষ্কার করার আগে ফোনটি সম্পূর্ণ বন্ধ করে নিন। চার্জার, ইয়ারফোন বা অন্য কোনো কেবল সংযুক্ত থাকলে সেগুলো খুলে রাখুন। স্পিকারের ছিদ্রে পিন, সুঁই, কাগজের ক্লিপ বা অন্য কোনো ধারালো জিনিস ঢোকাবেন না। এতে স্পিকার গ্রিল ছিদ্র হয়ে যেতে পারে বা ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া সরাসরি পানি, অ্যালকোহল বা অন্য কোনো তরল স্পিকারের ওপর ব্যবহার না করাই ভালো।
শুকনো কটন বাডে পরিষ্কার করুন
প্রথমে একটি নরম ও শুকনো কাপড় দিয়ে ফোনের স্পিকারের চারপাশ মুছে নিন। এরপর শুকনো কটন বাড দিয়ে স্পিকার গ্রিলের ওপর খুব আলতোভাবে পরিষ্কার করুন। হালকা হাতে একদিকে বা গোল করে ঘোরালে উপরিভাগে আটকে থাকা ধুলো ও লিন্ট উঠে আসতে পারে। তবে কটন বাড স্পিকারের ছিদ্রের ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন না। বেশি চাপ দিলে ময়লা আরও গভীরে চলে যেতে পারে।
নরম ব্রাশেও সরাতে পারেন ধুলা
স্পিকার পরিষ্কারের জন্য ছোট ও নরম ব্রাশ ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার, নরম দাঁতের ব্রাশও এ ক্ষেত্রে কাজে লাগতে পারে। ফোনটি এমনভাবে ধরে ব্রাশ করুন, যাতে আলগা হয়ে যাওয়া ধুলা স্পিকারের বাইরে বেরিয়ে আসে। ব্রাশ করার সময় খুব বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়। শক্ত ব্রাশ ব্যবহার করলে স্পিকার গ্রিলের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।