অন্তর্জগতের খোঁজে নৃত্য নাটক ‘অন্বেষণ’
মানুষের পাওয়া-না পাওয়া, আকাঙ্ক্ষা, প্রশ্ন ও আত্মসন্ধানের গল্প নিয়ে মঞ্চে আসছে নৃত্য নাটক ‘অন্বেষণ’।
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে শুক্রবার। নর্তনম ডান্স একাডেমির নানা বয়সি শিক্ষার্থীরা এতে অংশ নেবে।
নর্তনম ডান্স একাডেমির আর্টিস্টিক ডিরেক্টর ও কোরিওগ্রাফার মনোমি তানজানা অর্থীর ভাবনায় নির্মিত হয়েছে ‘অন্বেষণ’। এখানে নাচকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের অন্তর্জগতের অনুভূতি, দ্বন্দ্ব ও যাত্রা প্রকাশের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে।
সৃজনশীল ও সমকালীন নৃত্যভাষার সঙ্গে বিভিন্ন নৃত্যধারা, সংগীত, আলো ও মঞ্চভাবনার সমন্বয়ে তৈরি হয়েছে প্রযোজনাটির নিজস্ব আবহ। গল্পের মূল যাত্রাপথে রয়েছে খোঁজা, আকাঙ্ক্ষা, দ্বন্দ্ব, উপলব্ধি এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে আসা।
বিজ্ঞপ্তিতে মনোমি তানজানা অর্থী বলেন, “‘অন্বেষণ’ শুধু একটি মঞ্চ প্রযোজনা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের নিজেদেরও একটি যাত্রা। তারা যেন নৃত্যের মাধ্যমে নিজেদের অনুভূতি, সম্ভাবনা ও সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে এটাই আমার প্রত্যাশা।”
- ট্যাগ:
- বিনোদন
- নাটক মঞ্চায়ন