কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন।
অন্যদিকে, বাংলাদেশে অবস্থানরত অনেকে ভারতে ভ্রমণের পূর্বপরিকল্পনা স্থগিত করছেন। নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, স্যাডার স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার হোটেল সমিতি ও ট্রাভেল এজেন্টরা নিশ্চিত করেছেন যে, গত কয়েক দিনে আগাম টিকিট কেটে দেশে ফেরার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে (প্রায় ১টা ৪০ মিনিটে) মির্জা গালিব স্ট্রিটের ১৫জি নম্বর পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শিখা ইন’ নামে একটি বোর্ডিং হাউসে আগুনের সূত্রপাত হয়। পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস ও জরুরি পরিষেবা মন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, হোটেলটিতে ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা বৈধ পরিচালন পারমিট ছিল না।
ঘটনার পরপরই কলকাতার পৌরসভা (কেএমসি) পুরো শহরের বোর্ডিং হাউসগুলোর অগ্নি নিরাপত্তা পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি অডিট দল গঠন করেছে। পাশাপাশি, ভবনের মালিক বীরেশ্বর মিত্রের সন্ধান পেতে কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।