গরম পানিতে গোসল, হঠাৎ বেজে উঠল ফায়ার অ্যালার্ম
অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয় এক তরুণী প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম পানি দিয়ে গোসল করছিলেন। সবে মিনিট পাঁচ হলো গোসল শুরু করেছেন, হঠাৎ ভবনের ফায়ার অ্যালার্ম বেজে উঠল।
কেন ফায়ার অ্যালার্ম বেজে উঠল, তা নিয়ে চিন্তায় পড়ে যান ওই তরুণী। পরে তাঁর মনে হয়, হয়তো অগ্নিনিরাপত্তা মহড়ার (ফায়ার ড্রিল) অংশ হিসেবে অ্যালার্মটি বেজে উঠেছে। তিনি আপন মনে গোসল করতে থাকেন, কল্পনাও করেননি কিছুক্ষণের মধ্যে তাঁকে ১ হাজার ৮০০ অস্ট্রেলিয়ান ডলারের বিলের মুখোমুখি হতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৫৫ হাজার টাকার বেশি।
ওই তরুণীর নাম ভামিকা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এ ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ঘটনাটি তাঁকে হতবাক করে দিয়েছিল।
ভামিকা বলেন, ‘আমি মাত্র পাঁচ মিনিট হয় গোসলে ঢুকেছি। বাথরুমের এগজোস্ট ফ্যানটি চালু করিনি। কারণ, আমার সহজেই ঠান্ডা লেগে যায়।’
কিছুক্ষণের মধ্যেই ভবনটির ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। প্রথমে ভামিকা ভেবেছিলেন, অ্যালার্মটি হয়তো অগ্নিনিরাপত্তা মহড়ার অংশ। কিন্তু কিছুক্ষণ পর অ্যালার্মের সংকেতের জবাব দিতে ভবনের একজন ম্যানেজার তাঁর অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। তখন তিনি বুঝতে পারেন, সম্ভবত গোসল করার সময় তৈরি হওয়া বাষ্পের কারণেই অ্যালার্মটি বেজে উঠেছে।
- ট্যাগ:
- জটিল
- গোসল
- গরম পানি
- বিচিত্র ঘটনা