৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে এওয়াসো নিয়রো নদীর দিকে পর্যটন ভ্রমণে যাচ্ছিল।
দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের ছবিতে ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
কেনিয়া রেড ক্রসের সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেন।
নিহত মিশেল সেনসি-কন্টুগির বয়স ছিল ৪৪ বছর। ২০২৪ সালে তিনি ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার মৃত্যুর ঘটনায় ইকুয়েডর সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হেলিকপ্টার বিধ্বস্ত