শিল্পের ক্যানভাসে বিপ্লব আঁকা জহির রায়হান
ফাল্গুনের আগুনে জ্বলে ওঠা এক অমর রাজপথের নাম জহির রায়হান। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহর কর্মসূত্র ধরে কলকাতা আলিয়া মাদ্রাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগে পড়াশোনা শুরু করলেও ১৯৪৭ সালের দেশবিভাগের পর পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করে সাহিত্য ও সাংবাদিকতায় পুরোপুরি আত্মনিয়োগ করেন এই গুণী ব্যক্তিত্ব।
সাংবাদিক হিসেবে 'যুগের আলো' পত্রিকা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে খাপছাড়া, যান্ত্রিক, সিনেমা এবং সম্পাদক হিসেবে 'প্রবাহ' পত্রিকায় যুক্ত ছিলেন। ১৯৫৫ সালে প্রকাশ পায় তাঁর প্রথম গল্পগ্রন্থ 'সূর্যগ্রহণ'। পরবর্তীতে 'শেষ বিকেলের মেয়ে' (১৯৬০), 'আরেক ফাল্গুন' ও 'হাজার বছর ধরে'-র মতো কালজয়ী উপন্যাস উপহার দেন তিনি। 'হাজার বছর ধরে' উপন্যাসের জন্য ১৯৬৪ সালে পান মর্যাদাপূর্ণ আদমজী সাহিত্য পুরস্কার।
চলচ্চিত্রের নতুন দিগন্ত
১৯৫৭ সালে 'জাগো হুয়া সাভেরা' চলচ্চিত্রে সহকারী হিসেবে রুপালি জগতে যাত্রা শুরু করেন জহির রায়হান। চিত্রপরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ১৯৬১ সালে, 'কখনো আসেনি' চলচ্চিত্রের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম উর্দু রঙিন ছবি 'সঙ্গম' এবং পরের বছর প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র 'বাহানা' নির্মাণ করেন তিনি। তাঁর অন্যান্য বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে 'বেহুলা', 'কাঁচের দেয়াল' ও 'আনোয়ারা' অন্যতম।
- ট্যাগ:
- বিনোদন
- জন্মদিন
- স্মরণ
- জহির রায়হান