দেখে মনে হচ্ছিল না যে তাঁদের সময়টা ভালো যাচ্ছে না। মাত্রই ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বিশাল হার। সাবেক ক্রিকেটার ও সংবাদমাধ্যমের সমালোচনার ঝড়। অথচ প্যাট কামিন্স, স্টিভেন স্মিথরা কী নির্ভার!
কাল রাতে ম্যাকাই বিমানবন্দরে পৌঁছে লাগেজ বেল্টের পাশে অন্য যাত্রীদের সঙ্গে ব্যাগপত্রের জন্য অপেক্ষা করছিল অস্ট্রেলিয়া দলও। লাগেজ আসতে দেরি হচ্ছিল, কিন্তু সময়টা গল্প-আড্ডায় খারাপ কাটছিল না অস্ট্রেলিয়া দলের।
ম্যাকাইয়ের অভিষেক টেস্ট উপলক্ষে অস্ট্রেলিয়া দল শহরে পা রাখায় বিমানবন্দরে দেখা গেল স্থানীয় সংবাদমাধ্যমের কর্মীদের, সাধারণ যাত্রীরাও উৎসুক হয়ে দেখছিলেন ক্রিকেটারদের। তবে অস্ট্রেলিয়া দলকে এতটাই নির্ভার মনে হলো যে কোনো কিছুকেই তারা খুব একটা তোয়াক্কা করল না। দীর্ঘ সময় খোশগল্পে মেতে থেকে লাগেজের জন্য অপেক্ষার পর যাঁর যাঁর ব্যাগপত্র নিয়ে বিমানবন্দর ছেড়েছেন সবাই।
লাগেজ বেল্টের ওখানে একটা বিষয় বিশেষভাবে দৃষ্টি কাড়ল। পাশাপাশি ঝোলানো হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বড় দুটি পতাকা। ম্যাকাই যেন তার অভিষেক টেস্টের জন্য বরণ করে নিল ইতিহাসের আরেকটি পাতায় নাম লেখাতে যাওয়া দুই দলকে।
অস্ট্রেলিয়া দলের আগে সন্ধ্যায় ম্যাকাইয়ে পৌঁছায় বাংলাদেশ দল। তবে ডারউইন থেকে ম্যাকাই পর্যন্ত পৌঁছাতে বেশ ভালোই ঝক্কিতে পড়েছে তারা। ডারউইন থেকে কেয়ার্নসের ফ্লাইট ছিল মঙ্গলবার সকাল সাতটায়। আর ম্যাকাইয়ে এসে সেই ভ্রমণ শেষ হয়েছে সন্ধ্যায় সাতটায়। অর্থাৎ অস্ট্রেলিয়ার এক শহর থেকে আরেক শহরে আসতেই বাংলাদেশ দলের লেগে গেল ১২ ঘণ্টা!