সরকারের গতি-অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের কর্মকাণ্ডে ‘সবার আগে বাংলাদেশের’ পরিবর্তে ‘সবার আগে দলীয়তন্ত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, প্রশাসনে দলীয় নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস : প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি নির্বাচিত সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস কম সময় নয়। সরকারের মেয়াদের ১০ ভাগের এক ভাগ সময় এরই মধ্যে পার হয়েছে। তবে ছয় মাসেই সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার হিসাব করা ঠিক হবে না। অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসনব্যবস্থা, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও গণতান্ত্রিক চর্চার উন্নয়নসহ বিভিন্ন সূচকে সরকারের পারফরম্যান্স মূল্যায়ন করতে হয়।