কিছু বোমা উদ্ধারেই কি কাটবে বৈশ্বিক উদ্বেগ
আল-কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) বাংলাদেশে সক্রিয় সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থার ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে এই উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
১০ আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে সদস্যরাষ্ট্রগুলো—ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক কিছু ঘটনা মূল্যায়ন করে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৯ জুন পর্যন্ত সময়কার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লালকেল্লায় হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে দায়ী করা হয়।
এ প্রসঙ্গে বর্ণনার একপর্যায়ে বাংলাদেশেও একিউআইএসের সেল বা ছোট সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে আল-কায়েদা ও আইএসের সামগ্রিক হুমকি মোটামুটি অপরিবর্তিত থাকলেও সাহেল অঞ্চল ও দক্ষিণ এশিয়ায় তা আরও তীব্র হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনটি ১০ আগস্ট প্রকাশিত হলেও বাংলাদেশের সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদটি এসেছে তার দু-তিন দিন পর।