ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক, নিশানায় চীনও
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহেই তেহরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে, যা আগে কখনো দেখা যায়নি।
ইরানের পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগে ১৯৭০-এর দশকের শেষ দিক থেকেই দেশটির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। সামুদ্রিক পরিবহন, জ্বালানি ও আর্থিক খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ অবরোধও শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এক হাজারের বেশি ব্যক্তি, জাহাজ ও উড়োজাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হুঁশিয়ারি
- ডোনাল্ড ট্রাম্প