জাহাজের হর্ন বাজিয়ে মেরুভালুকের ঘুম ভাঙানোয় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ স্ভালবার্ডের উপকূলে ঘটে।
স্থানীয় একটি ফিয়র্ড বা দীর্ঘ, সংকীর্ণ ও খাড়া পাহাড় বা পাহাড়ের ঢাল বেষ্টিত সমুদ্রের খাঁড়ির মধ্য দিয়ে ওই ব্যক্তি একটি নৌযান নিয়ে যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন ব্যক্তি তীরে একটি মেরুভালুককে ঘুমিয়ে থাকতে দেখতে পান। প্রাণীটিকে নড়াচড়া করতে দেখার ইচ্ছা থেকে নৌযানে থাকা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জাহাজের উচ্চ শব্দের ফগহর্ন বাজান। হর্নের বিকট শব্দে মেরুভালুকটি চমকে গিয়ে হঠাৎ ঘুম থেকে উঠে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর স্ভালবার্ডের গভর্নর লার্স ফাউসে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেন। এক বিবৃতিতে ফাউসে বলেন, নৌযানটি প্রাণীটির পাশ দিয়ে যাওয়ার সময় এর আরোহীরা তীরে একটি মেরুভালুককে ঘুমিয়ে থাকতে দেখতে পান বলে জানা গেছে। এরপর নৌযানে থাকা এক ব্যক্তি জাহাজের ফগহর্ন ব্যবহার করেন। এতে ভালুকটি ঘুম থেকে জেগে ওঠে এবং অন্য একটি স্থানে চলে যায়।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র ঘটনা