মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল
লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ যে অনেকটাই বেড়েছে, তা নতুন করে বলার কিছু নেই। তবে এবারের দলবদলে এক–দুজন নয়, ইউরোপ মাতানো তারকাদের যেন ঢল নেমেছে যুক্তরাষ্ট্রের লিগে। মৌসুমের দ্বিতীয় দলবদলের জানালা বন্ধ হতে এখনো তিন সপ্তাহ বাকি, এরই মধ্যে এমএলএসে পা রেখেছেন আঁতোয়ান গ্রিজমান, রবার্ট লেভানডফস্কি, আলেক্সিস সানচেজ ও কাসেমিরোর মতো তারকা।
নামের তালিকাই বলে দিচ্ছে, এবারের গ্রীষ্মটা এমএলএসের জন্য কতটা ব্যতিক্রমী। বিশ্বকাপজয়ী, ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন থেকে শুরু করে একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতা ফুটবলার—সবাই আছেন এই দলে।
গ্রিজমান-লেভানডফস্কি
১৩ জুলাই অরল্যান্ডো সিটিতে যোগ দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড গ্রিজমান। ২০১৬ ও ২০১৮ সালে ব্যালন ডি’অরে তৃতীয় হওয়া এই ফরোয়ার্ড নতুন দলের হয়ে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন। সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল করেছেন তিনি। সেটি ছিল ক্লাব ফুটবলে তাঁর ক্যারিয়ারের ৩০০তম গোল।
সানচেজ-কাসেমিরো
গোল করা ও করানো—দুই ক্ষেত্রেই সমান কার্যকর আলেক্সিস সানচেজ। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা চিলির এই তারকা দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মন্ট্রিয়লে। তবে সবচেয়ে বড় নামগুলোর একটি নিঃসন্দেহে কাসেমিরো।
এমএলএসের ইতিহাসে সেরা উইন্ডো?
সব মিলিয়ে এমএলএসের ইতিহাসে মর্যাদার বিচারে এটিই সেরা দলবদলের মৌসুম কি না, সেই প্রশ্ন উঠতেই পারে। গত বছরও এই লিগে দুজন বড় খেলোয়াড় যোগ দিয়েছিলেন। বায়ার্ন মিউনিখের জার্মান কিংবদন্তি টমাস মুলার যোগ দেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে।
আর রেকর্ড ২ কোটি ৬৫ লাখ ডলারে টটেনহাম ছেড়ে লস অ্যাঞ্জেলেস এফসিতে যান সন হিউং-মিন। এ বছরের শুরুতে মিনেসোটা ইউনাইটেডে নাম লেখান হামেস রদ্রিগেজও।