বাজার বিশ্লেষণ ছাড়া দরপত্র, বাড়ছে মেট্রোরেল প্রকল্পের ব্যয়
বাজারমূল্য যথাযথভাবে বিশ্লেষণ না করে মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন ঠিকাদারি প্যাকেজে দরপত্র আহ্বান করে বিপাকে পড়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। দরপত্রে অনেক ‘অসংগতিপূর্ণ’ শর্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রাক-প্রাথমিক আলোচনায় আগ্রহ দেখানো আন্তর্জাতিক কনসোর্টিয়ামগুলো শেষ পর্যন্ত সরে যাচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান ডিএমটিসিএলের দরপত্রে ‘অবাস্তব শর্ত’ আরোপের অভিযোগও করেছে।
খবরের কাগজ এক প্রতিবেদনের প্রকাশ করে এমআরটি-১ প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ (সিপি)-৩-এর ঠিকাদারি কার্যক্রমে নানা অব্যবস্থাপনার তথ্য পাওয়া গেছে। এ প্যাকেজের জন্য জাপানের পাঁচটি প্রতিষ্ঠানকে প্রি-কোয়ালিফাইড করে ডিএমটিসিএল।
২০২৩ সালের মার্চে দরপত্র আহ্বান করা হলে ‘অবাস্তব শর্তাবলি’ ও ‘ভুল বাজার বিশ্লেষণের’ অভিযোগ তুলে প্রতিষ্ঠানগুলো অংশ নেয়নি। এরপর তিন বছর পেরিয়ে গেলেও সিপি-৩-এর দরপত্র প্রক্রিয়া এগোয়নি। দুই দফায় খসড়াপত্র জাইকার কাছে পাঠানো হলেও এখনো অনুমোদন মেলেনি।