অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, ১৫৩ রানের লিড

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১৫:৫৯

প্রথম দিনের মতো ডারউইনের টেস্টের দ্বিতীয় দিনটিও বাংলাদেশ কাটাল দারুণ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নজরকাড়া হাফসেঞ্চুরির সুবাদে চালকের আসনে রয়েছে তারা। তৃতীয় সেশনের শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ফেরার বার্তা দিলেও বাকি সময়ে তাদেরকে হতাশ করে আর কোনো বিপদ ঘটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।



শুক্রবার মারারা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান। আগের দিন স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ায় প্রথম ইনিংসে তাদের লিড এখন ১৫৩ রানের। হাতে রয়েছে আরও ৪ উইকেট।


প্রথম দিনের ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। এদিন খেলা হয়েছে ৮৬ ওভার। টাইগাররা ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২৫৫ রান। সেখানে মূল ভূমিকা রাখেন তানজিদ ও শান্ত। আরও অবদান আছে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও মিরাজের। শুধু তাই নয়, অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতেও আস্থার পরিচয় দিয়েছেন হাসান মাহমুদ।


প্রথম সেশনে অভিজ্ঞ মুমিনুলের (৯৫ বলে ৪৯ রান) উইকেট হারিয়ে বাংলাদেশ ২৭ ওভারে আনে ৮৫ রান। দ্বিতীয় সেশনেও পতন হয় কেবল একটি উইকেটের। মধ্যাহ্ন বিরতির পর ইতিহাসগড়া সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন তানজিদ (১৯৭ বলে ১০১ রান)। এই সেশনেও ২৭ ওভার খেলা হলেও সফরকারীদের রান তোলার গতি ছিল চোখে পড়ার মতো। তারা যোগ করে ১০৫ রান।


অজি অফ স্পিনার ন্যাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন তানজিদ, ১৮৮ বলে। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের প্রথম টেস্ট সেঞ্চুরিও এটি।


কেবল দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করলেন তানজিদ। এর আগে ২০০৬ সালে অজিদের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন সাবেক তারকা শাহরিয়ার নাফিস। তিনি ফতুল্লায় খেলেছিলেন ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস।


শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে এই টেস্টের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশকে বড় সংগ্রহের পথ গড়ে দিতে সবচেয়ে বড় কৃতিত্ব তানজিদের। উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সঙ্গে ৫০ বলে ৩৬, দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুলের সঙ্গে ১৮৯ বলে ১০২ ও তৃতীয় উইকেট জুটিতে শান্তর সঙ্গে ১৫৭ বলে ৯৩ রান যোগ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও