অবহেলা নাকি গোপন ফাঁদ: সম্পর্কের সূক্ষ্ম প্রতারণা ‘মাইক্রো-চিটিং’-এর লক্ষণ
একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকার অর্থ এই নয় যে অন্য কোনো মানুষের প্রতি আকর্ষণ পুরোপুরি শেষ হয়ে যাবে।
তবে চেনা কোনো কফি শপের বারিস্তার সঙ্গে নিয়মিত হালকা গল্প করা, গোপনে ডেইটিং অ্যাপ সচল রাখা কিংবা অবচেতন মনে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়া যে— ‘শারীরিক সম্পর্কে তো জড়াইনি, তাহলে ক্ষতি কী?’- এরকম বিষয়গুলো আজকের ডেইটিং সংস্কৃতিতে এক নতুন জটিলতা তৈরি করেছে।
মনস্তত্ত্ব ও সম্পর্ক বিশেষজ্ঞদের ভাষায়, সম্পর্কের এই ধূসর এলাকার সূক্ষ্ম ও ছোট ছোট অনৈতিক আচরণকে বলা হচ্ছে ‘মাইক্রো-চিটিং’ বা ‘ক্ষুদ্র প্রতারণা’।
‘রিয়েল সিম্পল ডটকম’-এ প্রকাশিত প্রতিবেদনে মনোবিদরা জানিয়েছেন, এটি কোনো পূর্ণাঙ্গ শারীরিক বা মানসিক পরকীয়া নয়; তবে এটি এমন এক আচরণ যা একচেটিয়া সম্পর্কের বিশ্বাসের দেয়ালকে গোপনে একটু একটু করে ধসিয়ে দেয়।
মাইক্রো-চিটিং বা ক্ষুদ্র প্রতারণার সাধারণ লক্ষণসমূহ
যুক্তরাষ্ট্রের নিবন্ধিত মানসিক স্বাস্থ্য থেরাপিস্ট ব্রায়ানা পারুওলো বলেন, “ছোট ছোট এই ‘ল্যাপস’ বা আচরণগুলো আপাতদৃষ্টিতে নির্দোষ মনে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পুঞ্জীভূত হয়ে সম্পর্কের বড় ধরনের ফাটল তৈরি করে।
মাইক্রো-চিটিংয়ের প্রধান লক্ষণগুলোর মধ্যে আছে:
- গোপন টেক্সট ও বার্তা মুছে ফেলা: সঙ্গীর আড়ালে গভীর রাতে অন্য কারও সঙ্গে টেক্সট করা এবং সেই মেসেজগুলো নিয়মিত মুছে ফেলা।
- সম্পর্কের কথা আড়াল করা: নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার সময় নিজের একটি সুনির্দিষ্ট একচেটিয়া সম্পর্ক বা ‘এক্সক্লুসিভ রিলেশনশিপ’-এর কথা ইচ্ছাকৃতভাবে গোপন রাখা।
- সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা: পুরানো প্রেমিক বা প্রেমিকার প্রতিটি পোস্টে নিয়মিত ‘লাভ’ বা ‘ফ্লেম’ ইমোজি দেওয়া এবং তাদের সঙ্গে গোপনে পুরানো স্মৃতিরোমন্থন করা।
- ডেইটিং প্রোফাইল সচল রাখা: সম্পর্কে জড়ানোর পরেও নিজের ডেইটিং অ্যাপের অ্যাকাউন্ট ডিলিট না করে, গোপনে সচল রাখা।
- বাইরে আংটি খুলে রাখা: ঘর থেকে বের হওয়ার সময় নিজের বিয়ের আংটি বা এনগেজমেন্ট রিংটি কৌশলে খুলে রাখা।
- আবেগীয় সমর্থন অন্য কোথাও খোঁজা: নিজের সঙ্গীকে সময় না দিয়ে অন্য কোনো আকর্ষণীয় সহকর্মী বা বন্ধুর কাছ থেকে মানসিক সান্ত্বনা, প্রশংসা এবং কাজের স্তুতি পাওয়ার চেষ্টা করা।