দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা
দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বিদেশে চিকিৎসা শেষে প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরমুখী সড়কে শত শত সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী দেউবাকে স্বাগত জানিয়েছেন। ওই সময় বিরোধী দল নেপালি কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা হাত নেড়ে হাসিমুখে কর্মীদের সাড়া দেন।
অর্থ পাচারের অভিযোগে গত এপ্রিলে দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেপালের পুলিশ। জেন-জি আন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতন এবং নির্বাচনের মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর নেপালের অন্যতম বর্ষীয়ান ও হেভিওয়েট রাজনীতিক হিসেবে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয় দেউবাকে।