বঙ্গোপসাগরে লঘুচাপে ৩ নম্বর সতর্কতা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আজও দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়োবাতাস বয়ে যেতে পারে। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং উপকূলীয় ৫টি অঞ্চলের নৌবন্দরকে ১ সতর্ক সংকেত দেখাতে হবে। আর বৃষ্টির কারণে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লঘুচাপ
- লঘুচাপের প্রভাব