বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: ব্যাংকমুখী হচ্ছে ঘরের টাকা
ঘরে রাখা নগদ টাকার প্রবাহে এবার উল্টো স্রোত দেখা দিয়েছে। জুনে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা।
একই সময়ে ব্যাংক আমানত বেড়েছে ৩৮ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের এই দুই পরিসংখ্যানে মিলছে অর্থের গতিপথ বদলের ইঙ্গিত। ব্যাংকের বাইরে থাকা অর্থের একটি অংশ আবার ব্যাংকে ফিরছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ৩ লাখ ৩৬ হাজার ৩৭৫ কোটি টাকা। মে মাসে ছিল ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ কমেছে ১২ হাজার ৯৯৯ কোটি টাকা বা ৩ দশমিক ৭২ শতাংশ।
তবে গত বছরের জুনের তুলনায় এবারও মানুষের হাতে নগদ অর্থ ১৩ দশমিক ৪৭ শতাংশ বেশি। গত বছরের জুনে এর পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। মে মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ এক মাসে প্রায় ৫০ হাজার কোটি টাকা বেড়েছিল।