রাষ্ট্র চাপাবাজিতে, নেতারা লুটপাটে ব্যস্ত, যুব সমাজ নিয়ে কাজের সময় নেই
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র বক্তৃতামালায় ব্যস্ত, চাপাবাজিতে ব্যস্ত। আর দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। আমাদের যুবকেরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যে যুবকেরা দেশপ্রেমিক, তাদের দাবিয়ে রাখা যায় না। যে যুবকেরা সৎ, তাদের পিছনে ফেলা যায় না। আর যে যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, সেই যুবকেরা ইতিহাস রচনা করতে জানে।
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র্যালিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, ঠিক জুলাই বিপ্লবের কথা জানেন? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে।’
তিনি বলেন, নতুন বাংলাদেশকে আগামী দিনের সমৃদ্ধ, মানবিক, উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। যারা আমাদের যুব সমাজকে নির্যাতন-অত্যাচারের মাধ্যমে বাংলাদেশের পিছিয়ে পড়া এবং রাষ্ট্র ধ্বংস করার যে অপচেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় তছরুপ বন্ধ করার অপচেষ্টা হয়েছে, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের যে মহোৎসব করা হয়েছে, সেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের গণরায়, যেটা গণভোটের মাধ্যমে এসেছে, সেটার বাস্তবায়ন করতে হবে।